টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়েছে এক বছরও হয়নি। এরই মধ্যে অনন্য এক কীর্তি গড়ে ফেললেন শ্রীলঙ্কার বাহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। গড়েছেন স্পিনার হিসেবে টেস্টে দ্রুততম ৫০ উইকেটের মাইলফলক। গতকাল গল টেস্টের পঞ্চম দিনে আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে আউট করার মধ্যদিয়ে এই রেকর্ডটি গড়েছেন তিনি। ক্যারিয়ারের মাত্র সপ্তম টেস্টেই ৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি। রেকর্ডটি গড়ার পথে জয়াসুরিয়া ভেঙে দিয়েছেন ৭১ বছর আগের পুরোনো রেকর্ড।
স্পিনার হিসেবে টেস্টে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার আগের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার আলফ ভ্যালেন্টাইনের দখলে। ক্যারিয়ারের অষ্টম টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁঁয়েছিলেন ভ্যালেন্টাইন। ১৯৫১ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে রেকর্ডটা গড়েছিলেন তিনি। তার পর অনেক কিংবদন্তি স্পিনারই আন্তর্জাতিক তথা টেস্ট ক্রিকেট মাতিয়েছেন। শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, অনিল কুম্বলে, সাকলায়েন মোস্তাক থেকে শুরু করে ড্যানিয়েল ভেট্টোরি থেকে আজকের রবিচন্দ্রন অশ্বিনরা—কেউই ভ্যালেন্টাইনের রেকর্ড ভাঙতে পারেননি।
কিন্তু রেকর্ডের জন্ম তো হয় ভাঙার জন্যই। গতকাল চিরন্তন সেই সত্যটাই প্রমাণ করলেন প্রবাথ জয়াসুরিয়া। আয়ারল্যান্ড সিরিজের আগে ৫ টেস্টে তার সংগ্রহ ছিল ৩৩ উইকেট। প্রথম টেস্টে দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে পৌঁছে যান ৪৩-এ। গতকাল শেষ হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে জয়াসুরিয়া পৌঁছে যান রেকর্ডের দ্বারপ্রান্তে। মানে রেকর্ডটি গড়তে দ্বিতীয় ইনিংসে তার দরকার ছিল ২ উইকেট। জয়াসুরিয়া ঠিক দুটি উইকেটই নিয়েছেন।
টেস্ট সংখ্যার পাশাপাশি ইনিংসের দিক দিয়েই ভ্যালেন্টাইনকে পেছনে ফেলে দিয়েছেন জয়াসুরিয়া। ৭ টেস্টের ১১তম ইনিংসে রেকর্ডটি গড়লেন তিনি। ভ্যালেন্টাইন রেকর্ডটা গড়েছিলেন ১৫ ইনিংসে।
স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেটের মালিক হলেও সব মিলে জয়াসুরিয়ার জায়গা হয়েছে যৌথভাবে দ্বিতীয় স্থানে। মানে টেস্টে জয়াসুরিয়ার চেয়েও দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন একজন। তিনি অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার চার্লি টার্নার। ১৮৮৭ সালে টেস্ট অভিষেকের পর মাত্র ৬ টেস্টেই ৫০ উইকেটের মালিক বনে যান তিনি। তবে ষষ্ঠ টেস্টে হলেও মাইলফলকটা তিনি ছুঁঁয়েছিলেন জয়াসুরিয়ার মতো ১১তম ইনিংসেই।
টার্নার পর জয়াসুরিয়ার সঙ্গে যৌথভাবে আরো দুজন ক্যারিয়ারের সপ্তম টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁঁয়েছেন। তারা হলেন ইংল্যান্ডের সাবেক পেসার টম রিচার্ডসন ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভারনন ফিল্যান্ডার।
তবে অভিষেকের পর সময়ের হিসেবে সবচেয়ে কম সময়ে ৫০ উইকেটের মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি অস্ট্রেলিয়ার সাবেক পেসার রডনি হগের দখলে। ১৯৭৮ সালের ডিসেম্বরে অভিষেকের পর ৫০ উইকেট পেতে মাত্র ১১৩ দিন লেগেছিল তার। শীর্ষ পাঁচের মধ্যে সবচেয়ে কম সময় লেগেছিল ভারনন ফিল্যান্ডারের, ১৩৫ দিন। চার্লি টার্নারের ২০৩ দিন, জয়াসুরিয়ার লাগল ২৯৪ দিন!
জয়াসুরিয়ার বিশেষত্ব হলো, ১১ ইনিংসের মধ্যে ৬ ইনিংসেই ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি!
