শততম জয় দিয়েই আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১২:৩৬

ব্যাটারদের রান বন্যা ও বোলারদের অসাধারন নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১০ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। আর এই জয়ে টেস্ট ইতিহাসের অষ্টম দল হিসেবে শততম ম্যাচ জয়ের নজিরও গড়েছে লঙ্কানরা।

সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ২৮০ রানে জিতেছিলো শ্রীলঙ্কা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো স্বাগতিকরা।

গলে প্রথম ইনিংস থেকে ২১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৫৪ রান করেছিলো আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে ৮ উইকেট হাতে নিয়ে আরও ১৫৮ রান করতে হতো আইরিশদের।

আইরিশ অধিনায়ক এন্ডি বালবার্নি ১৮ ও হ্যারি হেক্টর ৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। প্রথম ইনিংস দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করলেও দ্বিতীয়  ইনিংসে এসে ব্যর্থ আইরিশ ব্যাটাররা।

বালবার্নি ৪৬ রানে থামলেও হাফ-সেঞ্চুরি তুলেন টেক্টর। সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে নবম ব্যাটার হিসেবে আউট হন টেক্টর। ৮ চার ও ৩ ছক্কায় ১৮৯ বলে ৮৫ রান করেন তিনি। লঙ্কান স্পিনার রমেশ মেন্ডিসের সঙ্গে অন্যান্য বোলারদের তোপে ২০২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ৪৯২ রান করেছিলো আইরিশরা।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে রমেশ ৬৪ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া আরেক স্পিনার প্রবাথ জয়সুরিয়া এবার নেন ২ উইকেট। এতে সপ্তম টেস্টেই ৫০ উইকেট পূর্ণ করেন জয়সুরিয়া। টেস্টে দ্রুততম ৫০ উইকেট শিকারে যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন তিনি। তবে শ্রীলঙ্কার পক্ষে এটি রেকর্ড। ম্যাচ সেরা হন জয়সুরিয়া ও সিরিজ সেরা হন কুশল।

ইত্তেফাক/এসএস