গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর তার নির্বাচনী এলাকা বক্তারপুর ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা করেছেন।
কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া গ্রামে গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নুর বাড়িতে এক উঠান বৈঠকে মিলিত হন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় ওই গ্রামের নারীরা তার হাতে একটি টাকার ব্যাগ তুলে দেন। এসময় নারীদের ও প্রতিমন্ত্রীর মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা সবাই অশ্রুসিক্ত হয়ে পড়েন। নারীরা বলেন, প্রতিমন্ত্রীর নির্বাচনী কাজে খরচের জন্য প্রিয় নেত্রীর হাতে নিজেদের সঞ্চিত অর্থ তুলে দেন।
আরো পড়ুন: তারামন বিবি: সীমাহীন সাহসের নাম
এ সময় প্রতিমন্ত্রী নারীদের উদ্দেশ্যে বলেন, যারা কষ্টার্জিত টাকা আমার হাতে তুলে দিয়েছেন, আমি আশা করছি এ টাকা ভালো কাজে ব্যয় করলে ভালো ফল পাব ইনশাআল্লাহ। ঘোনাপাড়া গ্রামের মা-বোনদের এই ভালোবাসার কথা আমি সারা জীবন মনে রাখব। আমি চিরকৃতজ্ঞ থাকব আপনাদের কাছে। আপনারা দোয়া রাখবেন নৌকা মার্কায় আপনাদের দেওয়া ভোটে আমি তৃতীয়বারের মত বিজয়ী হয়ে যেন উন্নয়নের ধারা ধরে রাখতে পারি।
উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শহিদুল কাদের পাপ্পুর পরিচালনায় উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: তাবলীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ, নিহত ১
ইত্তেফাক/জেডএইচ
