টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন অভিনেতা আহসান হাবিব নাসিম। ৬০৬ জন ভোটারের মধ্যে এবার ৫১৮ জন ভোটার তাদের রায় প্রদান করেছেন।
গতকাল উত্সবমুখর পরিবেশে দিনব্যাপী শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণশেষে রাত ৮টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে সেলিম পেয়েছেন ৩২৫ ভোট। তিনি অভিনেতা তুষার খান ও মোহাম্মাদ মিজানুর রহমানকে পরাজিত করেন। সাধারণ সম্পাদক হিসেবে নাসিম পেয়েছেন ৪২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল হান্নান পেয়েছেন ৩৫ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত তিনজন হলেন- আজাদ আবুল কালাম, ইকবাল বাবু ও তানিয়া আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান এবং আনিসুর রহমান মিলন। এদিকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হন লুত্ফর রহমান জর্জ। এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল আলম সবুজ, মাসুম আজিজ ও বৃন্দাবন দাশ।
