কুকুরের ‘যোগব্যায়াম’ নিয়ে রাহুলের টুইটে বিজেপির ক্ষোভ

আপডেট : ২২ জুন ২০১৯, ০১:০৩

আন্তর্জাতিক যোগ দিবসে ভারতীয়রা দেশজুড়ে যোগাভ্যাস করছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীসহ সমাজের সব পর্যায়ের মানুষ দিবসটি উদযাপন করছে। চরম গরমেও ভারতীয় সেনারা অংশ নিয়েছে যোগব্যায়ামে। এর মধ্যেই তাক লাগিয়েছে সেনাবাহিনীর ‘ডগ স্কোয়াড’। মানুষকে অনুকরণ করে কুকুরের একই কায়দায় যোগাভ্যাসের ছবি সবাইকে চমকে দিয়েছে। সাবলীলভাবে স্কোয়াডের কুকুররা অংশ নিয়েছে যোগদিবসের মহড়ায়।

তবে বিষয়টি নিয়ে রাহুল গান্ধী টুইটারে মন্তব্য করে বলেছেন, মোদির ‘নতুন ইন্ডিয়া’র কিছুটা আভাস পাওয়া যাচ্ছে এই ছবিতে (কুকুরকে দিয়ে যোগব্যায়াম করানো)। তার এই মন্তব্যে বিজেপির দুই মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিং ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, কংগ্রেস যে সবকিছুকে নেতিবাচকভাবে দেখে রাহুল গান্ধীর এই মন্তব্যে সেটাই প্রমাণিত হলো।