‘প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি’

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৩:১২

এবারের ঈদে নতুন কোনো সিনেমার খবরে ছিলেন না চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে ঈদে হতাশ করেননি ভক্তদের। মুক্তি দিয়েছেন নিজের নতুন একটি গান। ‘বুঝি না তো তাই’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও মুক্তির পরই বেশ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতাদের মাঝে। গানটি লিখেছেন বাঁধন ও ব্রিটিশ র‍্যাপার মুমজি স্ট্রেনজার। তিনি এই গানে ফারিয়ার সঙ্গে কণ্ঠও মিলিয়েছেন।

এসভিএফের ইউটিউব চ্যানেলে ‘বুঝি না তো তাই’ ঈদের দিন সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়। মুক্তির পর থেকে গানটি ২৫ লাখের কাছাকাছি দর্শক দেখেছেন। মন্তব্য পড়েছে প্রায় সাড়ে ৩ হাজার।  নুসরাত বলেন, ‘গানটি মুক্তির পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। যা প্রত্যাশা করেছি তার চেয়ে বেশি পাচ্ছি। গানটি যখন তৈরি হচ্ছিল, তখনই মনে হয়েছিল দর্শক পছন্দ করবেন। তবে এতটা আশা করিনি। সুন্দর সুন্দর মন্তব্যও করছেন তারা। এমন সাড়া পেয়ে খুব ভালো লাগছে।’ 

উল্লেখ্য, মুমজি স্ট্রেনজারের সঙ্গে নুসরাতের এটাই প্রথম কাজ। মিউজিক ভিডিওতে তাদের দু’জনের উপস্থিতি সবাইকেই মুগ্ধ করেছে। গানটিতে নুসরাত নিজেকে বেশ আবেদনময়ী রূপে তুলে ধরেছেন, যা তার আগের গানগুলো থেকে একেবারেই আলাদা। গানটির মিউজিক ভিডিওর পুরোটাই শুট করা হয়েছে থাইল্যান্ডে। 

এদিকে এই গানটি ছাড়াও এসভিএভের নতুন সিনেমা ‘আবার বিবাহ অভিযান’-এ দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এতে নুসরাত ছাড়াও অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, সৌরভ দাসসহ অনেকে। এ বছরের শেষের দিকে প্রেক্ষাগৃষেহ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর বাইরেও দুই বাংলার একাধিক সিনেমায় দেখা যাবে ফারিয়াকে।

 

ইত্তেফাক/ইআ