ঢাক‌া-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ২১

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১২:৩৮

ব‌রিশালের বাকেরগঞ্জের আউলিয়াপুর স’মিল ঘাট এলাকায় দুই বাসের মুখোমু‌খি সংঘর্ষে ২১ যাত্রী আহত হয়েছেন বলে জা‌নিয়েছেন বাকেরগঞ্জ থানা পুলিশ।

শ‌নিবার (২৯ এপ্রিল) সন্ধ‌্যা ৬টার দি‌কে ঢাকা ও কুয়াকাটা মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।

আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

স্থানীয় ও বাকেরগঞ্জ থানা ওসি এস এম মাকসুদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেপারী পরিবহনের এক‌টি বাস পটুয়াখালীর দিকে যা‌চ্ছিলো, একই সময় পটুয়াখালী থেকে ছেড়ে আসা কায়েদ সুপার-২ নামে এক‌টি বাস ব‌রিশালের দিকে যা‌চ্ছিলো। সন্ধ্যা ৬টায় ঢাকা কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকায় পৌঁছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২১ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার কারণে সড়‌কের দু'পাশে যানজটের সৃষ্টি হয়।

তাৎক্ষ‌ণিক উদ্ধার অভিযান চা‌লিয়ে আধঘণ্টার মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান ওসি।

ইত্তেফাক/আরএজে