ফখরের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের রেকর্ড জয়

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৩:৫৩

ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক বাবর ও মোহাম্মদ রিজওয়ানের অর্ধশতকে ভর করে অসাধারণ জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। এ জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে নিজেদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো স্বাগতিক দলটি।

এর চেয়ে বেশি রান তাড়া করে এর আগে মাত্র একবারই জয় পেয়েছে পাকিস্তান। গত বছর লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪৮ রান তাড়া করে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে বাবর আজমের দল।

শনিবার (২৯ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৫৯ বলে মিচেল ও টম লাথাম উপহার দেন ১৮৩ রানের জুটি। এদিন ১০২ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি স্পর্শ করেন মিচেল। অন্যদিকে, সম্ভাবনা জাগিয়েও ৯৮ রানে কাটা পড়েন লাথাম। 

নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। এদিন ১৪৪ বলে ১৮০ রানে অপরাজিত থেকে দলের বড় জয় নিশ্চিত করেন ফখর জামান। এছাড়া অধিনায়ক বাবর আজম ৬৫ ও মোহাম্মদ রিজওয়ান করেন ৫৪ রান।

১৪৪ বলে ১৭ চার ও ৬ ছয়ে ১৮০ রান করে অপরাজিত ইনিংস খেলার পথে দুবার জীবন পান ফখর। এই সেঞ্চুরির মাধ্যমে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন ফখর।

ইত্তেফাক/আর