মঙ্গল শোভাযাত্রা ও লাঠিখেলার মধ্য দিয়ে সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
অনুষ্ঠানের উদ্বোধনকালে মোকতাদির চৌধুরী বলেন, বৈশাখী উৎসব বাঙালির প্রাণের উৎসব। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বৈশাখী উৎসব পালন করি। তিনি বৈশাখী উৎসবের উদারতা ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করার জন্য তরুণ প্রজন্ম ও রাজনৈতিক কর্মীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করে দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহবান জানান।
বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক উপাধ্যক্ষ এ কে এম শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দুস প্রমুখ। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বৈশাখী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাড. মানিকরতন শর্মা।
