ঈদুল ফিতরের আগেই শেষ হয়েছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) খেলা। এরপর দীর্ঘ ছুটি পান ক্রিকেটাররা। তবে ঈদের ছুটি শেষে আজ থেকে মাঠে গড়াচ্ছে সেরা ৬টি দল নিয়ে সুপার লিগের খেলা। এছাড়া একই দিন থেকে মাঠে গড়াবে রেলিগেশন লিগও। আর সুপার লিগের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী ও মোহামেডান। আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টা থেকে।
ঘরোয়া ক্রিকেট হোক কিংবা ফুটবল আবহনী-মোহামেডান মুখোমুখি হওয়া মানেই দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। সুপার লিগের প্রথম ম্যাচেই এই দুই দল মুখোমুখি হওয়া মানে যেন টুর্নামেন্টটিকে অন্যরকম এক মাত্রায় নিয়ে যাওয়া। তবে এবারের আসরে মোহামেডানের তুলনামূলক বেশি শক্তিশালী দল আবহনী। পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকেই লিগ পর্ব শেষ করেছে আবাহনী। ১১ ম্যাচের ১০টিতেই জিতেছে তারা। অন্যদিকে জাতীয় দলের এক ঝাঁক তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েও শুরু থেকে হোঁচট খেতে খেতে সুপার লিগে উঠেছে মোহামেডান। এ সময় তারা প্রথম রাউন্ডে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে ছিল।
এদিকে সুপার লিগে ৬টি দল এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে একে অপরের বিপক্ষে। প্রতিদিন তিনটি করে ম্যাচ, বৈরী আবহাওয়ার কারণে খেলা অনুষ্ঠিত না হলে আছে রিজার্ভ ডে। আর প্রতিটি ম্যাচের পর থাকছে এক দিন করে রেস্ট ডে। সুপার লিগের ৬টি দল হলো-শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
