শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে বল গড়ালেও ফল পায়নি বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেসে গিয়েছিলো সেই ম্যাচ। এবার কোনো বল না হয়েই বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় নারী ওয়ানডে ম্যাচটিও পরিত্যক্ত হলো বৃষ্টিতে। কলম্বোর পি সারা ওভালে সকাল ১০টা ৩০ মিনিটে মাঠে নামার কথা ছিলো নিগার সুলতানা জ্যোতির দলের। তবে বৃষ্টির কবলে পড়ে আর মাঠে নামা হয়নি টাইগ্রেসদের।
প্রথম ওয়ানডেতে কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৬.৪ ওভার শেষে ৬ উইকেটে ১৫২ রান তোলার পরই নামে বৃষ্টি। পরে আর সেই ম্যাচ শুরু করা যায়নি।
আজ একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচের আগে থেকেই ছিলো বৃষ্টি। টসও করা যায়নি বৃষ্টির কারণে। শেষমেশ পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় ওয়ানডেও।
প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল, যেটি আবার আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। আগামী ৪ মে একই ভেন্যুতে মাঠে গড়ানোর কথা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচ এখন হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ফাইনাল। ওয়ানডে সিরিজ শেষে ৯ মে থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
