তিনি বলিউডের ড্রিম গার্ল। শুধু সিনেমার পর্দাতেই না, ক্যামেরার পেছনে পরিচালনার দায়িত্ব নিয়েও নিজেকে অন্যভাবে তুলে ধরেছিলেন হেমা মালিনী। আর তারপর বড় পর্দা থেকে সোজা রাজনীতির আঙিনায়। মাঝে ১৯৮০ সালে ২ মে কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। শোবিজ অঙ্গনে বিচ্ছেদের ঘটনা মামুলি বিষয় হলেও তাদের ক্ষেত্রে বিষয়টি একদম আলাদা। ৪৩ বছর পার হলেও আজও তাদের ভালোবাসা উজ্জ্বল।
স্বামী ধর্মেন্দ্রর সঙ্গে বিবাহবার্ষিকী সেলিব্রেট করছেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। ৪৩ বছরের দাম্পত্যজীবনে অনেক চড়াই-উৎরাই দেখেছেন দু’জনে। তবু আজও অমোঘ ভালোবাসায় জড়িয়ে আছেন দুই কিংবদন্তী তারকা।
বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি পোষ্ট করেছেন এই অভিনেত্রী। টুইটারে হেমা লিখেছেন, ‘আজ আমাদের বিবাহ বার্ষিকী। যারা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন তাদের আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। এটি ৪৩ বছরের একত্রে বিস্তৃত একটি দুর্দান্ত যাত্রা।’
১৯৭০ সালে ‘তুম হাসিন ম্যায় জওয়ান’-এর সেটে পরস্পরের প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। সে সময় প্রকাশ কৌরের সঙ্গে দাম্পত্যজীবনে ছিলেন ধর্মেন্দ্র। তাঁর দুই ছেলে সানি এবং ববি দেওলও খুব ছোট ছিলেন সে সময়। তবে সামাজিক শিকল ভেঙে হেমার হাত ধরে পথচলা শুরু করে দ্বিধা করেননি ধর্মেন্দ্র। এদিকে হেমাও নাকি সঞ্জীব কুমার এবং জিতেন্দ্রর মতো তারকাদের প্রেম প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন ধর্মেন্দ্রর ভালোবাসার টানে।
হেমার পরিবার নাকি চায়নি ধর্মেন্দ্রর সঙ্গে তার বিয়ে হোক। বাবার মৃত্যুর পরে পরিবারের বিরুদ্ধে গিয়েই অভিনেতাকে বিয়ে করেছিলেন হেমা। তারপর একসঙ্গে ৪৩ বছর কাটিয়ে ফেলেছেন দু'জনে।
