কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের বাকবিতন্ডায় সহকর্মীর ছুরিকাঘাতে মো. আজিজুর রহমান (৩৫) নামে এক চিংড়িঘের কর্মচারীকে খুন করা হয়েছে। মঙ্গলবার (২ মে) রাত ৯টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চিংড়িজোন নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজ ডুলাহাজারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকার ছালেহ আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৭-৮ দিন আগে জমির উদ্দিনের মালিকানাধীন চিংড়ি ঘেরের রান্নাঘরের সৌরবিদ্যুতের বাতি নিয়ে যায় পার্শ্ববর্তী এহছানের মালিকানাধীন চিংড়ি ঘেরের কর্মচারী আজিজ। রাত সাড়ে ৮টার দিকে চিংড়িঘেরে যাওয়ার পথে জমির উদ্দিনের কর্মচারী মো. ইসহাক বাতি ফেরত না দেওয়ার কারণ জিজ্ঞেস করে আজিজের কাছে। এক পর্যায়ে বাকবিতন্ডার জেরে ইসহাক তার কোমরে থাকা ছুরি বের করে আজিজের পেটে ঢুকিয়ে দেয়। এসময় ঘটনাস্থলে মারা যায় আজিজ। ঘটনার পরপরই ঘাতক ইসহাক পালিয়ে যায়। ইসহাক চিরিঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ড পালাকাটা গ্রামের কবির আহমদের ছেলে।
স্থানীয় লোকজন আজিজকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিরাজুম মুনির বলেন, আজিজের পেটের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, নিহত আজিজের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
