ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি অনশনকারীর মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২৩, ২১:০০

ইসরায়েলের কারাগারে এক ফিলিস্তিনি অনশনকারীর মৃত্যু হয়েছে। নিহত খাদের আদনান ফিলিস্তিনি ইসলামিক জিহাদি গোষ্ঠীর সদস্য। মঙ্গলবার (২ মে) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, তিন মাস ধরে তিনি অনশন করছিলেন। গত ৫ ফেব্রুয়ারি গ্রেপ্তারের কিছু সময় পর থেকেই অনশন শুরু করেন আদনান। আগেও বিভিন্ন সময় গ্রেপ্তারের পর তিনি কয়েক দফায় অনশন করেছিলেন।

ইসরায়েলি কারা কর্তৃপক্ষ বলছে, আদনান কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং মঙ্গলবার ভোরে নিজের সেলে অচেতন হয়ে পড়েন।

ইসরায়েলের মানবাধিকার সংস্থা হামোকডের হিসাব অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের কারাগারে এক হাজারের বেশি ফিলিস্তিনি কোনো ধরনের অভিযোগ বা বিচার ছাড়াই বন্দি আছেন।

এর আগে ২০১৫ সালে তথাকথিত প্রশাসনিক বন্দিত্বের আওতায় গ্রেপ্তারের প্রতিবাদে তিনি ৫৫ দিনব্যাপী অনশন করেছিলেন। প্রশাসনিক বন্দিত্বে বিনা বিচারে এবং অভিযোগ ছাড়া আটকে রাখা হয়।

এদিকে, ফিলিস্তিনের বার্তা সংস্থা ডব্লিউএএফএ জানায়, ৪৪ বছর বয়সী আদনান ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছের আরাবা উপশহরের বাসিন্দা ছিলেন। কোনো ধরনের অভিযোগ ছাড়া গ্রেপ্তারের প্রতিবাদে তিনি ৮৭ দিন ধরে অনশন করছিলেন।

ইত্তেফাক/এএইচপি