খেরসন শহর ও এর আশপাশের এলাকায় আবাসিক ভবন ও রেল স্টেশনসহ বহু স্থাপনা লক্ষ্য করে বুধবার (৩ মে) হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
হামলায় ৪৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে জানিয়ে টেলিগ্রামে ইউক্রেইনের প্রেসিডেন্ট লেখেন, “সবাই বেসামরিক! কেবল একটি অঞ্চলেই! দিন এখনও শেষ হয়নি!”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার লক্ষ্যস্থলগুলোকে তিনি ‘গোলার মাধ্যমে সৃষ্ট রক্তাক্ত পথ, রাশিয়া যার চিহ্ন রেখে যাচ্ছে’বলে বর্ণনা করেছেন।
জেলেনস্কির আগে ইউক্রেইনের কর্মকর্তারা সকালের বিকিকিনির সময় হাইপারমার্কেটে গোলাবর্ষণ এবং বিস্ফোরণে একটি রেল স্টেশন বিধ্বস্ত হয়ে খেরসন শহরে ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছিলেন।
এছাড়া রাশিয়ার দখলে থাকা খেরসন অঞ্চলের এলাকা থেকে চালানো হামলায় মূল শহরের বাইরের গ্রামে আরও চারজন নিহত হয়েছেন। নিহত ওই চারজনের মধ্যে তিনজন প্রকৌশলী। হামলার সময় তারা আগের রুশ হামলায় পাওয়ার গ্রিডের ক্ষতি মেরামত করার চেষ্টা করছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হতাহতরা সবাই হাইপারমার্কেটের ক্রেতা বা কর্মী। ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, ‘যখন শত্রুরা যুদ্ধক্ষেত্রে কিছুই অর্জন করতে পারে না, তখন তারা শান্তিপূর্ণ শহরগুলোতে হামলা চালায়।’
