ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডের চেমসফোর্ডে। আর এ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ মে। তবে তামিম ইকবালদের তিনটি ম্যাচ বাংলাদেশ থেকে দর্শকরা টিভিতে দেখতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে, ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া এ সিরিজটি বাংলাদেশের কোন চ্যানেলে দেখাবে তা এখনো ঠিক হয়নি। পাশাপাশি টিভিতে সম্প্রচার আদৌ হবে কি না তা নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এসব দ্বিপক্ষীয় সিরিজগুলোতে সাধারণত স্বাগতিক বোর্ডই সম্প্রচার স্বত্ব বিক্রি করে থাকে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এটি করছে তৃতীয় পক্ষ টোটাল স্পোর্টস ম্যানেজম্যান্টের (টিএসএম) মাধ্যমে। এই টিএসএমের কাছ থেকে এখন পর্যন্ত দেশি কোনো টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কেনেনি। এছাড়া বাংলাদেশের খেলা সম্প্র্রচার করা চ্যানেলগুলো ভারতে চলমান আইপিএল সম্প্র্রচার করায় তাদেরও কিছুটা আগ্রহ কম এ সিরিজ নিয়ে।
এদিকে এই সিরিজ সম্প্রচার নিয়ে গতকাল বৃহস্পতিবার মিরপুরে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এ সময় তিনি বলেন, ‘আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি, ওরা জানতে চেয়েছি যে বাংলাদেশ অঞ্চলে কোন চ্যানেলে খেলা দেখা যাবে? তারা বিষয়টা এখনো নিশ্চিত করতে পারেনি। সেই কারণেই হয়তো তারা আমাকে জানায়নি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানতে পারব। তারা যদি ঠিক করতে পারে জানিয়ে দেব।’
