ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারের জেরে ২ যুবকের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ মে) দুপুর ১২ টায় ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত দুই যুবক হলো- ঈশ্বরদী গ্রামের ইমরান তালুকদার (৩২) ও শাওন বেপারী (২০)। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান সুমনের সঙ্গে একই গ্রামের ফারুক তালুকদারের পূর্ব থেকেই আধিপত্যের বিরোধ ছিলো। এ বিরোধকে কেন্দ্র করেই গত কয়েকদিন যাবত উত্তেজনা চলছিল। শুক্রবার বেলা ১১ টার দিকে ফারুক তালুকদারের সমর্থক ২ জনকে ধরে আনে মোখলেছুর রহমানের পক্ষের লোকজন। এসময় তার ফিলিং ষ্টেশনে পিছনে নিয়ে ঐ ২ যুবককে এলোপাথাড়ি কুপিয়ে পায়ের রগসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে।
বিষয়টি নিয়ে ফিলিং ষ্টেশনের মালিক মোখলেছুর রহমান সুমন ও প্রতিপক্ষ ফারুক তালুকদার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, আধিপত্যের বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
