চন্দরপলকে নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ০৬ মে ২০২৩, ১৫:১০

বাংলাদেশ সফরে ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলকে নেতৃত্ব দিবেন জাতীয় দলের টেস্ট দলের সদস্য জশুয়া ডা সিলভা। এছাড়াও আছেন ব্যাটার ত্যাগনারায়ণ চন্দরপল।  

দলে আরও আছেন অলরাউন্ডার রেমন রেইফার, পেসার এন্ডারসন ফিলিপ ও স্পিনার গুদাকেশ মোতি। এই দলে তিনজন নতুন মুখও রয়েছে ওপেনার কির্ক ম্যাকেঞ্জি, জাচারি ম্যাককাসকি এবং জইর ম্যাকআলিস্টার। এ বছর ওয়েস্ট ইন্ডিজে ঘরোয়া চার দিনের প্রথম শ্রেণির চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অভিষেক হয় তাদের।

বিদেশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এমন দল গঠন করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স। তিনি বলেন, ‘আমরা মনে করি, দলে এমন খেলোয়াড়দের বেছে নিয়েছি, যারা বাংলাদেশের মাটিতে খেলার মাধ্যমে উপকৃত হবে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের নিয়ে আমাদের পরিকল্পনা আছে।’

আগামী ১৬ মে থেকে প্রথম টেস্ট শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি শুরু  হবে যথাক্রমে- ২৩ এবং ৩০ মে। চারদিনের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এজন্য আগামী ১১ মে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডা সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ইয়ানিক ক্যারিয়া, কিসি কারটি, ত্যাগনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, এন্ডারসন ফিলিপ, রেমন রেইফার, জাচারি ম্যাককাসকি, কির্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মোতি ও কেভিন সিনক্লেয়ার।

ইত্তেফাক/জেডএইচ