কক্সবাজারে ২ একর বনভূমি উদ্ধার

আপডেট : ০৭ মে ২০২৩, ০৯:২০

কক্সবাজারের ঝিলংজায় সরকারি রক্ষিত বনভূমি দখল করে নির্মিত স্থাপনা গুড়িয়ে দিয়ে দুই একর বনভূমি উদ্ধার করেছে বলে জানিয়েছেন দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়ার নেতৃত্বে র‍্যাব-১৫ কক্সবাজার ও বন বিভাগ  শনিবার (৬ মে)  দুপুর ২টা  থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে এই  বনভূমি উদ্ধার করে। 

বন কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের ঝিলংজা মৌজার সরকারি রক্ষিত বন ভূমির লিংকরোড বিটের মোহরীপাড়া, কলাতলী বিটের চন্দ্রিমা এলাকা এবং কলাতলীর লাইটহাউজ পাড়ায় বনের জায়গায় পাহাড় কেটে দালান নির্মাণের তথ্য পাওয়া যায়। এ খবরে  দুপুর ২টার দিকে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরোয়ার আলমের নির্দেশনায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিতব্য পাকা দেয়াল ও ঘর ভেঙে দেওয়া হয়।

তিনি জানান, এ ঘটনায় পাহাড় দখল করে মাটি কাটার পর ঘর তৈরি করা লিংক রোড মুহুরীপাড়ার জনৈক আহমেদ করিমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়ের করা হচ্ছে।

অবৈধভাবে নির্মিত পাকা দেয়াল ও ঘর ভেঙে ভূমি উদ্ধারের কাজ চলছে। ছবি: ইত্তেফাক

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরোয়ার আলম বলেন, কক্সবাজারে বনভূমি পরিমাণের বিপরীতে লোকবল কম। কিন্তু অবৈধভাবে বন ভোগ দখল করার লোকজন বেশি। দখলবাজ ও ক্ষমতাবানরা একীভূত হয়ে পাহাড় ও বন ধ্বংস করায় অনেক সময় কিছু বিষয় বনকর্মীদের অগোচরে থাকে। তবে যখনই কোনো পাহাড় কাটা ও বনে পাকা দালান গড়ার তথ্য আসে তৎক্ষণাতই অভিযান চালানো হয়। বনখেকোদের জন্য আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

ইত্তেফাক/আরএজে