গুজরাট ওপেনারদের রানই করতে পারলো না লক্ষ্ণৌ

আপডেট : ০৭ মে ২০২৩, ২১:০০

কে কাকে ছাড়িয়ে যেতে পারেন, সেই প্রতিযোগিতা মাথায় নিয়েই সম্ভবত নেমেছিলেন শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। একজন অন্যজনকে ছাড়িয়ে যাওয়ার এই প্রতিযোগিতায় লাভ হলো গুজরাট টাইটানসের। এই দুই ওপেনার মিলেই স্কোরবোর্ডে তুলে ফেললেন ১৭৫ রান। সেই রানটাই তো করতে পারলো না গোটা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস!

আজ (রবিবার) আইপিএলের প্রথম ম্যাচে লক্ষ্ণৌকে ৫৬ রানে হারিয়েছে গুজরাট। বড় এই জয়ে প্লে অফের আরও কাছে চলে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। শুভমান ও ঋদ্ধিমানের ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২২৭ রান করে গুজরাট। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ১৭১ রান করতে পারে লক্ষ্ণৌ।

ঝড়ো হাফসেঞ্চুরি পেয়েছেন ঋদ্ধিমান সাহা। ছবি: আইপিএল ওয়েবসাইট আহমেদাবাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব চালায় গুজরাট। দুই ওপেনার শুভমান ও ঋদ্ধিমান পাল্লা দিয়ে রান তুলেছেন। লক্ষ্ণৌয়ের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে গড়েন বিশাল জুটি। শুরুতে বেশি আগ্রাসী ছিলেন ঋদ্ধিমান। এই উইকেটকিপার ব্যাটার ২০ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৩ বলে খেলেন ৮১ রানের ঝড়ো ইনিংস। বড় সংগ্রহের ভিত গড়ে দেওয়া ইনিংসটি ঋদ্ধিমান সাজান ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায়।

শুভমানও পেয়েছেন হাফসেঞ্চুরি। ছবি: আইপিএল ওয়েবসাইট ঋদ্ধিমান আউট গেলেও শুভমান খেলেছেন শেষ পর্যন্ত। দলকে বড় সংগ্রহ পেতে সাহায্য করার তৃপ্তি হয়তো আছে তার, তবে আফসোসেও নিশ্চয় পুড়েছেন! একটুর জন্য যে পাওয়া হয়নি সেঞ্চুরি। ৯৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ব্যাটে বসন্ত কাটানো এই ব্যাটার। ৫১ বলের ইনিংসে শুভমান মেরেছেন ২ চার ও ৭ ছক্কা। পাশাপাশি কার্যকরি ভূমিকা রেখেছে হার্দিক পান্ডিয়া (১৫ বলে ২৫) ও ডেভিড মিলারের (১২ বলে ২১*) ইনিংস দুটি।

গুজরাটের হারানো দুটি উইকেট ভাগাভাগি করেছেন মহসিন খান ও আভেশ খান।

এবারের আইপিএলে প্রথমবার নেমেই ফিফটি ডি ককের। ছবি: আইপিএল ওয়েবসাইট ২২৮ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে কাইল মায়ার্স ও কুইন্টন ডি ককের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল লক্ষ্ণৌ। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮৮ রান। তবে পরের দিকের ব্যাটারদের ব্যর্থতায় অনেক আগেই নিশ্চিত হয়ে যায় লক্ষ্ণৌয়ের হার। মায়ার্স ৩২ বলে ৪৮ রান করে ফেরেন। তবে এবারের আইপিএলে প্রথমবার নেমেই নিজের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছেন ডি কক। বাঁহাতি ব্যাটার খেলেন ৭০ রানের দারুণ ইনিংস। ৪১ বলের ইনিংসটি তিনি সাজান ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায়।

গুজরাট টাইটানসের উইকেট আনন্দ। ছবি: আইপিএল ওয়েবসাইট গুজরাটের সবচেয়ে সফল বোলার মোহিত শর্মা। এই পেসার ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আর একটি করে উইকেট মোহাম্মদ সামি, রশিদ খান ও নূর আহমেদের।

ইত্তেফাক/কেআর/