‘প্রতিটি সিনেমাই আমার জন্য নতুন চ্যালেঞ্জ’

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:১২

বিনোদন রিপোর্ট

 

সিনেমা নিয়ে এখন পুরোদমে ব্যস্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঢালিউডের পাশাপাশি টলিউডেও ছড়িয়েছে তাঁর জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তা থেকে কলকাতার প্রযোজনাতেও এখন সিনেমা করছেন ফারিয়া। সম্প্রতি কলকাতায় মুক্তি পেল তাঁর ‘বিবাহ অভিযান’ সিনেমাটি। অর্জুনের সাথে আবারো জুটি বেঁধেছেন তিনি। অন্যদিকে সম্প্রতি দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। ‘ঢাকা ২০৪০’-এ তাঁর সহশিল্পী বাপ্পী চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা। আজ থেকে শুটিং শুরু হবে এই সিনেমার।

একদিকে ‘ঢাকা ২০৪০’, অন্যদিকে কলকাতায় ‘বিবাহ অভিযান’-এর প্রচারণা। তাই কিছুদিন ঢাকা থেকে কলকাতা আসা-যাওয়াটা ছিল বেশি। তবে এবার দেশেই বেশ কিছুদিন থাকবেন তিনি। কারণ নতুন সিনেমার শুটিংয়ের জন্য ব্যস্ত থাকতে হবে তাঁকে।

‘ঢাকা অ্যাটাক’-এর সফলতার পর দীপনের ‘ঢাকা ২০৪০’ নিয়েও বেশ আশাবাদী সবাই। সেই জায়গা থেকে ফারিয়া বলেন, ‘সামাজিক একটি গল্পে এই কাজটি হবে। তবে মজার বিষয় হলো এখানে ভবিষ্যতের একটি সময় দেখানো হবে। বেশ আকর্ষণীয় একটি গল্প। চ্যালেঞ্জ নেওয়ার মতো একটি কাজ। যদিও প্রতিটি সিনেমাই আমার জন্য নতুন চ্যালেঞ্জ। কাজের ভিন্নতা শুধু নয়, যে ধরনের চরিত্রে অভিনয় করার জায়গা থাকে তেমন কাজগুলোই করা চেষ্টা করি। এটিও এমনই একটি কাজ হতে যাচ্ছে।’