এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ১৩ জুলাই

আপডেট : ০৮ মে ২০২৩, ১৪:৪২

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার (৮ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু দুদক প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নতুন এ দিন ধার্য করেন। 

আদালত সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন জমা দিতে দুদক এ নিয়ে ৮ বার সময় নিলো।

ক্ষমতার অপব্যবহার ও অর্থ স্থানান্তরের মাধ্যমে ভাই ও আত্মীয়ের নামে ৭ কোটি ১৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে ২০২১ সালের ১০ অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছিলেন দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার।

মামলার এজাহারে বলা হয়, প্রধান বিচারপতি থাকাকালে এসকে সিনহা উত্তরা আবাসিক এলাকায় রাজউকের কাছ থেকে একটি প্লট নেওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে তার ভাইয়ের নামে রাজউকের পূর্বাচল প্রকল্পে আরও ৩ কাঠার প্লট নেন।

পরে তিনি ৩ কাঠার প্লটটির আয়তন বাড়িয়ে ৫ কাঠা করেন, প্লটটি পূর্বাচল থেকে উত্তরা-৪ নম্বর সেক্টরে স্থানান্তর করেন এবং তার এক আত্মীয়কে পাওয়ার অব অ্যাটর্নি দেন।

ইত্তেফাক/কেকে