ইউএনওর ওপর হামলা: দুই দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা 

আপডেট : ০৮ মে ২০২৩, ১৭:০৬

ফরিদপুরের মধুখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় ডুমাইন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ্ আসাদুজ্জামান তপনের (৫০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় গ্রেপ্তার হওয়া অপর তিন জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

সোমবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই চম্পক কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অপর তিনজন হলেন ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম মৃধা (১৯), প্রিন্স মোল্লা (৩২) ও কবিরুল বিশ্বাস (৪০)।

এসআই চম্পক বড়ুয়া বলেন, ইউএনও’র ওপর দু’টি মামলা হয়েছে। দু’টি মামলাতেই এক নম্বর আসামি করা হয়েছে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্‌ আসাদুজ্জামান তপনকে। শুনানি শেষে ইউপি চেয়ারম্যানের দুইদিন এবং অপর তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পাশাপাশি আসামিদের জামিনের আবেদন খারিজ করে দেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, দুই দিন চিকিৎসা নিয়ে শনিবার হাসপাতাল ত্যাগ ছেড়েছেন ইউএনও আশিকুর রহমান। বর্তমানে তিনি সুস্থ আছেন।

মধুখালী থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। আসামিরা গা ঢাকা দেওয়ায় এখনো বাকি আসামিদের গ্রেপ্তার করা যায়নি।

ইত্তেফাক/এবি/পিও