মাদারীপুর সদরে নির্মাণাধীন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এন এম আই) পরিদর্শণ করেছন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। সোমবার সকালে ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পটি পরিদর্শণ করেন তিনি। এসময় তিনি বলেন, মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এন এম আই) প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অঞ্চলের ছেলে এবং মেয়েদের আমরা ট্রেনিং করাতে পারবো। এতে তাদের আর্থিক উন্নয়ন হবে ও দেশের বৈদেশিক মুদ্রা আয় হবে।
শাজাহান খান বলেন, দেশে ও বিদেশে জাহাজে কর্মরত নাবিক ও ক্রুদের প্রশিক্ষণের জন্য এই প্রতিষ্ঠান ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। প্রতিবছর দুটি গ্রুপে ৬শ’ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। যারা বিদেশে জাহাজে চাকুরী করে তারা ১০ বছর চাকুরী করলে ১০ কোটি টাকা দেশে নিয়ে ফিরতে পারে। এখান থেকে যারা প্রশিক্ষণ নিবে তারাও ভাল আয় করবে। প্রশিক্ষণার্থীর জন্য থাকা-খাওয়া ও খেলা-ধুলারও সু-ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে। এখানে শুধু ছেলেরা নয়, মেয়েরাও এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবে। যা থেকে দেশের আর্থিক উন্নয়ন হবে। মাত্র ৬ মাসের কোর্সে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিলে খুব সহজেই জাহাজে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। দেশের ১১ হাজার নাবিক বিভিন্ন দেশে কর্মরত রয়েছে, এছাড়া ৬ হাজার ক্রু চাকুরী করছে। যারাই প্রশিক্ষণ নিয়েছে, কেউ বেকার বসে নেই। সবারই চাকুরী হয়েছে।
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউট-এর অধ্যক্ষ আতাউর রহমান, গণপূর্ত বিভাগের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ঝোটন চন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
