নোয়াখালীতে ভাতিজার হাতে চাচা খুন

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৪১

নারকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধ

নোয়াখালী প্রতিনিধি

নারকেল পাড়াকে কেন্দ্র  করে ভাতিজার ছোড়া ইটের আঘাতে আব্দুল গণি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদী লামছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গণি ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল গণির সঙ্গে সীমানা নিয়ে একই বাড়ির চাচাতো ভাতিজা রিপন, আরিফ হোসেন ও মারুফদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ওইদিন গাছ থেকে নারিকেল পেড়ে নিয়ে যাচ্ছিলো তারা। এ সময় গণি  নিচ থেকে গাছের উপর থাকা একজনকে  লাঠি দিয়ে আঘাত করলে অন্যরা তাকে ইট ছুড়ে মারলে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, ঘটনার দিন রাতে নিহতের স্ত্রী রাহেলা বেগম বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।