যশোরে রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত নারী আইনজীবী আরতী ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবববন্ধন হয়েছে। মঙ্গলবার (৯ মে) বিকালে প্রেস ক্লাব যশোরের সামনে যশোর জেলা ভ্যান-রিকশা শ্রমিক লীগের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঐ নারী আইনজীবীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষিত এবং আইনের মানুষ হয়েও বেআইনি কাজে আমরা নিজেরাই লজ্জিত। বিনাদোষে একজন নারীর রিকশাচালককে প্রকাশ্যে মারধর করায় আইনজীবী ঘৃণিত কাজ করেছেন। নারী আইনজীবীর এই কাজে দেশের সকল আইনজীবীর মর্যাদাহানিকর হয়েছে। দ্রুত এই আইনজীবীকে শাস্তির আওতায় না আনলে শহরে রিকশা না চালানোর হুশিয়ারি দেন বক্তরা।
যশোর জেলা ভ্যান-রিকসা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনছুর আলী, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলীসহ অনেকে।
গত রোববার দুপুরে যশোর আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে আইনজীবী আরতি রানী ঘোষের বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযুক্ত আইনজীবী শহরের অম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী। আর ভুক্তভোগী রিকশাচালক সাইফুল ইসলাম (৪০) সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর সিজালি গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ১৬ বছর এই শহরে রিকশা চালাই। ঘটনার দিন যশোর পার্সপোট অফিস থেকে যাত্রী নিয়ে শহরের পালবাড়ির দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে আদালতের সামনের সড়কে আসলে ঐ নারী আইনজীবী হঠাৎ করেই রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় তার গায়ে লেগে যায় রিকশার চাকা। আমি তাৎক্ষণিক নিচে নেমে তার কাছে মাফ চাই। তিনি আমাকে জামার কলার ধরে গালাগালি দিয়েই এলোপাতাড়ি চড়থাপ্পড় মারতে থাকে। বারবার তার কাছে মাফ চাই। তিনি মাফ তো করলেন না; বরং মারতে থাকেন। একপর্যায়ে রিকশা নিয়ে আমি পালিয়ে আসি আমার যাত্রীকে নিয়ে। যাত্রীকে তার গন্তব্য পৌঁছে দেওয়ার পর ঐ যাত্রী আমার মার খাওয়া দেখে ওষুধ কেনার জন্য একশ’ টাকা দেন। এরপর শহরের গ্যারেজে রিকশা জমা দিয়ে বাড়িতে এই ঘটনা কাউকে না জানিয়ে বাড়িতে বিশ্রাম নেই দুই দিন। পরে ভিডিওটি ভাইরাল হলে সবাই জানতে পারে। এরপর স্বজনেরা আমাকে হাসপাতালে ভর্তি করে।
এদিকে, রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত নারী আইনজীবী আরতি রানীকে শোকজ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা বলেন, আইনজীবীদের প্রতীক কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষ না হলে আরও কঠোর সিন্ধান্ত নিবে সমিতি।
