রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের লড়াইয়ের সমতুল্য বলে উল্লেখ করে দাবি করেছেন যে, এই যুদ্ধ রাশিয়ার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজের সময় এক ভাষণে তিনি এ কথা বলেন। যদিও পুতিনের নির্দেশেই ইউক্রেনে অভিযান চালায় তার দেশের সেনাবাহিনী।
পুতিন বিজয় দিবসের ভাষণে আরো বলেন, বিশ্ব ‘ইতিহাসে মোড় ঘোরানোর এক সন্ধিক্ষণে’ এসে দাঁড়িয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে ‘প্রকৃত যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে। তিনি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত যেমন নাৎসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এখন সেভাবেই রাশিয়া তার সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালাচ্ছে। পুতিন বলেন, রাশিয়া একটা শান্তিপূর্ণ ভবিষ্যৎ চায়। ঘৃণা ও রাশিয়াভীতির বীজ বপনের জন্য তিনি পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন। তিনি বলেন, পশ্চিমারা এমনকি পারিবারিক মূল্যবোধও ধ্বংস করে দিচ্ছে।
মস্কোয় বিজয় দিবসের কুচকাওয়াজ এ বছর আগের তুলনায় কিছুটা ম্লান হলেও বেলারুশ এবং মধ্য এশিয়ার কিছু দেশসহ সাবেক সোভিয়েত দেশগুলোর কিছু নেতা তাতে যোগ দেন। এবারের কুচকাওয়াজে অংশ নেওয়া সৈন্যের সংখ্যাও ছিল কম। গত বছর কুচকাওয়াজে অংশ নেয় ১১ হাজার সৈন্য, এবার সেই সংখ্যা ছিল ৮ হাজার। ট্যাংকসহ আধুনিক সামরিক সরঞ্জামাদিও প্রদর্শিত হয়েছে তুলনামূলকভাবে কম এবং ফ্লাই-পাস্ট বা বিমান বাহিনীর প্রদর্শনও ছিল অনুপস্থিত। কিছু কিছু প্রথাগত অনুষ্ঠানও বাতিল করা হয়।
রাশিয়া ৯ মে বিজয় দিবস পালন করে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মরণে। পুতিন ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে নাৎসিদের সঙ্গে তুলনা করে বলেন, পশ্চিমারা ভুলে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের কারা পরাজিত করেছিল। তিনি বলেন, রাশিয়ার প্রত্যেকটি মানুষ ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া সৈন্যদের সমর্থনে ঐক্যবদ্ধ। আমাদের মাতৃভূমির ভাগ্য নির্ধারণ করে যে যুদ্ধ, তা সবসময়েই একটা জাতীয় লড়াই এবং সবসময়েই তা পবিত্র। সেই লড়াইয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। সম্মুখ রণাঙ্গনে যারা লড়ছে তাদের ওপরই নির্ভর করছে রাশিয়ার ভবিষ্যৎ নিরাপত্তা। সবাই আপনাদের জন্য প্রার্থনা করছেন। তিনি ভাষণ শেষ করার সময় বলেন, মাতৃভূমির প্রতি আমাদের ভালোবাসার চেয়ে শক্তিশালী বিশ্বে আর কিছু নেই।
সপ্তাহব্যাপী মিসাইল হামলা : এদিকে, আবারও ইউক্রেন জুড়ে মিসাইল বৃষ্টি চালাল রাশিয়া। গত এক সপ্তাহ ধরে একটানা মিসাইল ও ড্রোন হামলা চলছে ইউক্রেনে। মঙ্গলবার সকালে আবারও দেশটির দুই-তৃতীয়াংশ এলাকাতেই এয়ার রেইড সাইরেন বেজে উঠে। তবে ২৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি ছাড়া সবগুলো ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। ধারণা করা হচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে যে কাউন্টার অফেন্সিভ পরিচালনার চেষ্টা করছে ইউক্রেন, তা ভণ্ডুল করে দিতেই হামলার পরিমাণ বৃদ্ধি করেছে মস্কো। গত এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনই ইউক্রেনে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে দেশটি।
‘রাশিয়া যুদ্ধে হারবে’ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ‘নাৎসিরা’ যেভাবে হেরেছিল, চলমান যুদ্ধে সেভাবেই রুশ বাহিনীর পরাজয় ঘটবে। ‘নাৎসি বাহিনীর’ বিরুদ্ধে ইউরোপের বিজয় দিবস স্মরণে এক ভিডিও ভাষণ দেন জেলেনস্কি। এই ভাষণে তিনি ‘নাৎসি জার্মানির’ পরাজয়ের মতো রুশ বাহিনীকেও পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
