সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঘলঘলিয়া এলাকায় এক কলেজছাত্রীর বাবার কান কামড়ে ছিঁড়ে নেওয়ার ঘটনায় এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গ্রেফতারকৃত যুবকের নাম আবু জাফর। সে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। শুক্রবার গভীর রাতে দেবহাটা উপজেলার সখিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘলঘলিয়া এলাকায় ঐ কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় এতে তার বাবা বাধা দিলে তার কান কামড়ে ছিঁড়ে নেয় ছাত্রলীগ নেতা আবু জাফর। এদিকে, এ ঘটনায় ছাত্রলীগ নেতা আবু জাফরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বখাটে ছাত্রলীগ নেতা আবু জাফর দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের রিয়াজুল সরদারের ছেলে ও দেবহাটা সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি।
ঐ কলেজছাত্রীর বাবা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় জানান, দেবহাটা সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে পড়ুয়া তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল আবু জাফর। তিনি অনেকবারই তাকে নিষেধ করেছেন তার মেয়ের পিছু না নেওয়ার জন্য। এতে সে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ঘলঘলিয়া বাজারে যাওয়ার সময় তার উপর হামলা চালায়। একপর্যায়ে সে তার বাম কানটি দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে সখিপুর এলাকা থেকে বখাটে আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে।
