ঠাকুরগাঁওয়ে ১৫'শ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ মে ২০২৩, ০৯:২০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫'শ পিস ইয়াবাসহ আল-মনসুর নামের এক উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা মাকদদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর কাকটালি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ।

গ্রেপ্তারকৃত আল-মনসুর বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও কলেজপাড়া এলাকার সফিউল ইসলামের ছেলে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার কাকটালি বাজারে আল-মনসুরের সারের দোকানে অভিযান চালানো হয়। এসময় তার দোকানে তল্লাসী করে এক হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন,বিষয়টি আমি শুনিনি। তবে ঘটনা সত্য হলে আমরা সাংগঠনিকভাবে এটার ব্যবস্থা নিবো।

ইত্তেফাক/আর