ভাণ্ডারিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ভাণ্ডারিয়ার নদমুলা ইউনিয়নে শনিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. শাহাদাত্ সরদার (৫০)। স্থানীয়রা জানান, ঐদিন নদীতে গোসল করতে যাওয়ার সময় পাশে থাকা একটি বিদ্যুত্ লাইনের খুঁটির টানায় হাত লাগে। এসময় বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভাণ্ডারিয়া থানার ওসি মো.মাকসুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।
বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের চলতি বছরের গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও আগামী অর্থবছরের গবেষণা প্রস্তাবনা প্রণয়ন শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলার বিএফআরআই অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মত্স্য বিজ্ঞানী প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাত্স্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ, জেলা মত্স্য কর্মকর্তা আব্দুর রউফ ও বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. খলিলুর রহমান।
পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে
বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দের পরিকল্পনা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের অর্থায়নে মুর্যালটি স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে জানান, পূর্বধলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মতো কোনো ম্যুরাল ছিল না। টেবিলের উপর ছবি রেখে পুষ্পমাল্য অর্পণ করা হতো। বিষয়টি চিন্তা করেই একটি স্থায়ী ম্যুরাল নির্মাণের পরিকল্পনা করি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর মোর্শেদ রানা জানান, স্থপতি শিল্পী মৃণাল হকের তৈরি এ ম্যুরালটি স্থাপনে ব্যয় হয়েছে দুই লাখ ১০ হাজার টাকা।
