নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ স্থগিত চেয়ে ব্যবসায়ী সেলিম ভূঁইয়ার আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১০ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
ব্যবসায়ী সেলিম ভূঁইয়া অভিযোগ গঠনের বৈধতা নিয়ে রুল জারির আর্জি জানিয়ে মামলার কার্যক্রম স্থগিত চেয়েছেন।
এদিকে, এই মামলার আসামি তারেক রহমানের বন্ধু আসামি গিয়াস উদ্দিন আল মামুন কাশিমপুর কারাগার থেকে কেরাণীগঞ্জ কারাগারে স্থানান্তর চেয়ে আবেদন করেছেন। পাশাপাশি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়েছেন। তবে এই আবেদনের ওপর এখনো শুনানি হয়নি।
গত ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান।
