স্কিন ক্যান্সারে ভুগছেন ইংল্যান্ড ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস। এই মরণ ব্যাধির বিপক্ষে লড়াই চালিয়ে যেতে চান বিলিংস। সূর্যের আলো ত্বকে অতিরিক্ত পড়ার বিপদ সম্পর্কে সতীর্থদের সচেতন করতে চান তিনি।
গত বছর বুকে ম্যালিগন্যান্ট মেলানোমা অপসারণের জন্য দু’বার অস্ত্রোপচার করাতে হয় বিলিংসকে। মঙ্গলবার (৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা জানান তিনি। কাউন্টি দল কেন্টের রুটিন চেকআপের সময় তার ত্বকে ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে। দ্য টেলিগ্রাফকে বিলিংস বলেন, ‘আমার মেলানোমা ছিল ০.৬ মিলিমিটার গভীর। ০.৭ মিলিমিটার গভীর হলেই সেটি অনেক বেশি বিপদের কারণ হয়ে উঠতে পারতো। আমি যদি সেদিনের মিটিংয়ের যাবার কারণে স্ক্রিনিং টেস্ট না করতাম এবং আগামী ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো আমাকে। তখন এটি আরও বেশি ভয়াবহ রূপ নিতো। মার্জিনগুলো খুব ছোট কিন্তু এগুলো ভয়ানক হয়ে উঠতে পারে।’
ইংল্যান্ডের জয়ে তিনটি টেস্ট, ২৮টি ওয়ানডে এবং ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিলিংস। বর্তমানে কাউন্টি ক্রিকেটেও খেলছেন তিনি। ভয়ানক এই রোগের সঙ্গে নিজের যুদ্ধের কথা জানিয়ে বিলিংস বলেন, ‘এই ঘটনা অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে আমাকে। বহু বছর ধরে এমনটাই করার চেষ্টা করেছি। অনেক সময় মাঠে জল নিয়ে যেতে হতো আমাকে। আপনি বুঝতে পারেন ক্রিকেটই সবকিছু নয়। এটা সঠিক সময়ে বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাকে আরও বেশি সহানুভূতিশীল করে তুলেছে।’
রোদে বেশি সময় কাটানোর বিপদ সম্পর্কে সতীর্থ ও ভক্তদের সতর্ক করেন বিলিংস। তিনি বলেন, ‘আমি শুধুমাত্র পেশাদার ম্যাচের কথা বলছি না। ক্লাব ক্রিকেটার এবং খেলা দেখতে আসা ভক্তদেরও বলছি। সম্প্রতি আমি লর্ডসে খেলেছি। ২৫ ডিগ্রি না হবার পরও সূর্যের তাপ ছিলো। ১৮ ডিগ্রিতেও সূর্যের রশ্মিতে ক্ষতিগ্রস্থ হতে পারেন। আমি ক্রিকেটে সবাইকে নিয়ে একত্রে কাজ করতে দেখতে চাই।’
