শেষ চারের আশায় মাশরাফিরা

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৪৯

বাংলাদেশের সেমিতে খেলার আশা ছাড়ছেন না অধিনায়ক মাশরাফি। তবে এই অসাধ্য সাধনের জন্য বাংলাদেশকে নিজেদের পরের তিনটি ম্যাচ জিততে হবে; আবার অন্যদের ব্যর্থতা কামনা করে প্রহরও গুনতে হবে। কাজটা কঠিন হলেও একেবারে যে অসম্ভব তা মনে করেন না অধিনায়ক।

স্পোর্টস রিপোর্টার, সাউদাম্পটন (ইংল্যান্ড) থেকে

টনটনে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্নটা জোরাল হয়েছিল বাংলাদেশের। ওটা ছিল বিশ্বকাপে টাইগারদের পঞ্চম ম্যাচ। কাকতালীয়ভাবে দলের পয়েন্ট ছিল ৫। পয়েন্ট তালিকাতেও ৫ নম্বরে ছিল মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা আবার কালো মেঘে ছেয়ে গেছে। পয়েন্ট তালিকায় ৫ থেকে ছিটকে টাইগাররা চলে যায় ৭ নম্বরে।

তবে বাংলাদেশের জন্য সুখবর বয়ে এনেছে শ্রীলঙ্কার জয়। একইভাবে তা মাশরাফিদের জন্য জেগে উঠার রসদও। গত শুক্রবার স্বাগতিক ইংল্যান্ড অনেকটা অপ্রত্যাশিতভাবেই হেরে গেছে শ্রীলঙ্কার কাছে। ফলে সেমিফাইনালে ওঠার সুযোগটা ফের অবারিত হয়ে পড়েছে একাধিক দলের জন্য। বাংলাদেশ তাদের অন্যতম।

তবে কাজটা এতো সহজ নয় আবার অসম্ভবও নয়। রয়েছে সমীকরণের জট। নিজেরা যেমন ভালো খেলতে হবে, সঙ্গে ভাগ্যের সহায়তাও লাগবে। বাংলাদেশের সামনে রয়েছে আরো তিনটি ম্যাচ। আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের সঙ্গে ওই তিনটিতেই বাংলাদেশকে জিততে হবে। তখন বাংলাদেশের পয়েন্ট হবে ১১। তবে এখানেই শেষ নয়। সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে কারো পয়েন্ট বাংলাদেশের নিচে থাকতে হবে। মানে চার দলের মধ্যে কাউকে পয়েন্ট হারাতে হবে।

তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ইতোমধ্যে বাংলাদেশের সমান ছয়টি করে ম্যাচ খেলে ফেলেছে। তাদের সংগ্রহ যথাক্রমে ১০ ও ৮। নিউজিল্যান্ড রয়েছে আরো ভালো অবস্থানে। গতকালকের ম্যাচের আগে ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৯। বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। গতকালকের ম্যাচের আগে ভারতের সংগ্রহ ৪ ম্যাচে ৭, শ্রীলঙ্কার ঝুলিতে আছে ৬ ম্যাচে ৬ পয়েন্ট। সুতরাং সম্ভাবনার বিচারে কাউকেই আপাতত বাদ দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশের সেমিতে খেলার আশা ছাড়ছেন না অধিনায়ক মাশরাফি। তবে এই অসাধ্য সাধনের জন্য বাংলাদেশকে নিজেদের পরের তিনটি ম্যাচ জিততে হবে আবার অন্যদের ব্যর্থতা কামনা করে প্রহর গুনতে হবে। কাজটা কঠিন হলেও একেবারে যে অসম্ভব তা মনে করেন না অধিনায়ক।

তবে গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, বাংলাদেশের চিন্তায় এখনই নেই সেমিফাইনাল। গতকাল শনিবার সাউদাম্পটনে টিম হোটেলের সামনে এ প্রসঙ্গে নান্নু বলেন, এখান থেকে সেমিফাইনালে কথা চিন্তা করাটা কঠিন। সামনের তিনটা ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে তিনটা ম্যাচ নিয়ে এখনই চিন্তা করছি না। পরের ম্যাচটা নিয়ে চিন্তা করছি। আফগানিস্তানের সঙ্গে পরের ম্যাচটা যদি পার হয়ে যেতে পারি তখন আমরা সেমিফাইনালের কথা চিন্তা করতে পারব।

অস্ট্রেলিয়ার বিশাল রান তাড়া করতে গিয়ে মুশফিকের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৩৩ রান তুলেছিল বাংলাদেশ। হারলেও সেই ম্যাচ থেকে কিছু আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। গতকাল নান্নু বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলার পর আত্মবিশ্বাস আরো বেড়েছে। এমন একটা টার্গেটকে আমরা তাড়া করে অনেকদূর গিয়েছি। আমাদের প্লেয়াররা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। তারা যে কোনো দলের সঙ্গে ভালো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত আছে।