স্পোর্টস রিপোর্টার, সাউদাম্পটন (ইংল্যান্ড) থেকে
ইনজুরির জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন রুবেল ও সাব্বির। সাইফউদ্দিন ও মোসাদ্দেকের চোট পাওয়া নিয়ে গত দুদিন ধরে কানাঘুষা চলছে। তৈরি হয়েছে ধোঁয়াশা। এমন কথাও ছড়িয়ে পড়েছে যে সাইফউদ্দিন ইচ্ছা করেই ইনজুরির কথা বলছেন। তাকে নিয়ে দলের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ আছে বলেও শোনা যাচ্ছে। আবার মোসাদ্দেক সম্পর্কেও নানা গুঞ্জন রটেছে। বিসিবি থেকে জানানো হয়েছে, সাইফউদ্দিন পিঠের ব্যথা ও মোসাদ্দেকের কাঁধের ইনজুরিতে ভুগছেন।
গুঞ্জন আছে, পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ও অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক দুজনেই স্বেচ্ছায় অস্ট্রেলিয়া ম্যাচ খেলেননি। যদিও এর সত্যতা পাওয়া যায়নি। গতকাল এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, সাইফউদ্দিনের ইনজুরিটা খুব বড় ধরনের কিনা সে বিষয়ে ফিজিও এখনো আমাদেরকে কিছু বলেনি। খেলার পরে যে দুর্বলতা থাকে ওর সেটা হয়েছে। ফিজিও ওর ট্রিটমেন্ট করছে। ফিজিওর রিপোর্ট পাওয়ার পর আমরা ওর ব্যাপারে সিদ্ধান্ত নেবো। এর আগেতো আমরা কিছু বলতে পারবো না। কারণ, আমাদের কাছে এরকম কোনো তথ্যই নেই যে সাইফউদ্দিন চোট পেয়েছেন।
কাঁধের চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন মোসাদ্দেক। এখন পুরোপুরি ফিট আছেন এবং পরের ম্যাচ খেলার জন্য প্রস্তুত বলে গতকাল সাউদাম্পটনে টিম হোটেলে সাংবাদিকদের জানিয়েছেন নান্নু।
টানা খেলার চাপের কারণে খেলোয়াড়রা ইনজুরিতে পড়ছে। গতকাল নান্নু বলেন, ‘এটা ঠিক। ৯টা ম্যাচ পরপর খেলতে হচ্ছে। আবার ভ্রমণ করতে হয়। অনুশীলন আছে। ফাস্ট বোলাররা যদি অবিরাম খেলতে থাকে ইনজুরিতো আসতেই পারে। তবে আমাদের টিমে কিন্তু ওই জিনিসটটা নেই। আমাদের অধিকাংশ প্লেয়ারই কিন্তু ফিট আছে। সেই হিসাবে নেতিবাচক কিছু চিন্তা করছি না আমরা।’
