ইত্তেফাক রিপোর্ট
কাতার এয়ারওয়েজের এক কর্মীর কাছ থেকে ৩৪৮ গ্রাম সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। গতকাল শনিবার ভোরে বোর্ডিং ব্রিজ এলাকা থেকে ট্রাফিক অ্যাসিসট্যান্ট সুইম খানের কাছ থেকে এসব সোনার বার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঢাকা কাস্টমস হাউজের বিমানবন্দর প্রিভেন্টিভ টিমের সদস্যরা বোর্ডিং ব্রিজ এলাকা থেকে সুইম খানকে সোনার বারসহ আটক করেন। পরিচয়পত্র পরীক্ষা করে দেখা যায়, আটক ব্যক্তি কাতার এয়ারলাইন্সের ট্রাফিক অ্যাসিসট্যান্ট পদে কর্মরত রয়েছেন। তার কাছ থেকে বিমানবন্দরের ডি-পাসও উদ্ধার করা হয়। অথেলো চৌধুরী আরো জানান, জব্দ হওয়া সোনার আনুমানিক দাম ১৮ লাখ টাকা। এসব সোনার বার একটি সিগারেটের প্যাকেটে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইম খান জানিয়েছেন, সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে আসা এক যাত্রী সোনা চোরাচালানকারীদের কাছে হস্তান্তরের জন্য এই স্বর্ণ তাকে দেন। বিমানবন্দরের দ্বিতীয় তলায় প্যাকেটটি গ্রহণ করেন তিনি। সেখান থেকে বের হওয়ার সময়ই আটক হন।
