বাড্ডায় যুবকের ঝুলন্ত লাশ

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৫৪

ঢামেকে হাজতির মৃত্যু

ইত্তেফাক রিপোর্ট

বাড্ডার শাহজাদপুরের একটি বাসা থেকে প্রান্ত (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার রাতে লাশটি উদ্ধার করা হয়। প্রান্তের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মজিদপুরে। তিনি গুলশানে একটি রেস্টুরেন্টে বাবুর্চি হিসেবে কাজ করতেন। অপরদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শামছুল আলম বাবু (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তাদের লাশের ময়নাতদন্তের জন্য শনিবার ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

প্রান্তর চাচাতো ভাই জন বলেন, দুই ভাইয়ের মধ্যে প্রান্ত ছিল ছোট। শাহজাদপুরের একটি মেসে থাকতেন এবং গুলশান-২ নম্বরের একটি রেস্টুরেন্টে বাবুর্চি হিসেবে কাজ করতেন। গলায় ফাঁস দেওয়ার কারণ জানতে পারেননি। গুলশান থানার এস আই আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে শাহজাদপুরের ওই বাসা থেকে প্রান্তের লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ছিল প্রান্তের দেহ।

ঢামেক হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী রবিউল ইসলাম বলেন, রাজধানীর মুগদা থানার একটি মাদক মামলার আসামি ছিল শামছুল আলম। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন। শুক্রবার অসুস্থতার কারণে তাকে কারাগার থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় একইদিন রাতে মৃত্যু হয় তার। মৃত বাবুর বড় বোন সেলিনা সুলতানা বলেন, কিছুদিন আগে তাকে মাদক মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব।