মুক্তিপণ না দেওয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ১

আপডেট : ১২ মে ২০২৩, ১০:৫২

কক্সবাজারের উখিয়ায় অপহরণের পর মুক্তিপনের ১৮ লাখ টাকা না পেয়ে রোহিঙ্গা দুই যুবককে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১১ মে) রাত ১০টার দিকে উখিয়ার বালুখালি ক্যাম্প-৯ এর এ/৭ ও ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক কবির আহমেদ(৩৪) উখিয়ার রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-জি,শেড ৬ নম্বরের আবুল হোসেনের ছেলে ।

আহত মো. রফিক (৩৩) উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ২ ইস্ট,ব্লক সি-২ এর মো. আমিনের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে হতাহতের স্বজনরা জানায়, ১৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল বৃহস্পতিবার রাতে কবির ও রফিককে ক্যাম্প এলাকা হতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাত ১০টার দিকে দুজনের পরিবারে ফোন দিয়ে ৯ লাখ টাকা করে দুজনের স্বজনের কাছে ১৮ লাখ টাকার মুক্তিপণ দাবি করে। কিন্তু দুই পরিবারের পক্ষে থেকে অপারগতা প্রকাশ করা হয়। এরপরই হয়ত দুইজনকে গুলি করা হয়। কবির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। আর রফিককে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, এঘটনার পর  এপিবিএন পুলিশ অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্প-৯ এ রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবকের এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্প থেকে উদ্ধার করা হয়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মুক্তিপণ চেয়ে দেনদরবার না করে মেরে ফেলার ঘটনা এটাই প্রথম। ধারণা করা হচ্ছে যে অপহরণ বা মুক্তিপণ নয়, পূর্ব বিরোধ বা অন্যকোন ঘটনার প্রেক্ষিতে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এবং ঘটনা ভিন্নখাতে নিতে মুক্তিপণ দাবি ও গুলি করা হয়েছে।  

ইত্তেফাক/আরএজে