‘ভালো কিছু করতে গেলে চ্যালেঞ্জ আসবে’

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ ও সংস্থাসমূহের প্রধানদের সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সরকারের লক্ষ্য অর্জনের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, গতানুগতিক কাজের বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলা না করলে ভালো ও নতুন কিছু করা যায় না। গতকাল শনিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে অধীনস্থ বিভাগ ও সংস্থাসমূহের প্রধানদের সাথে ২০১৯-২০২০ সময়ের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ভালো কিছু করতে গেলে চ্যালেঞ্জ আসবে। উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।