ভাঙ্গায় খাসজমি থেকে রাতের আঁধারে গাছ কাটার হিড়িক

আপডেট : ১২ মে ২০২৩, ১৩:৩৯

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের দক্ষিণ বিবিরকান্দা গ্রামের কুমার নদের পাড়ে খাসজমির ওপর থেকে রাতের আঁধারে গাছ কাটার হিড়িক পড়েছে।

এর ধারাবাহিকতায় বুধবার (১০ মে) রাতে বৃহস্পতিবার (১১ মে) ভোরে বাগানের ছোট-বড় প্রায় ২২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয় কয়েক ব্যক্তি এসব গাছ কাটছেন। এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

গাছ ও জায়গার ভোগদখলকারী লাভলু মাতুব্বর জানান, জায়গাটি তার বাপ-দাদার আমল থেকে ভোগ করে আসছেন। এখানে ছোট-বড় শতাধিক মেহগনি গাছের বাগান রয়েছে। বেশ কিছুদিন ধরে তার প্রতিবেশী কয়েক জন জায়গাটি দখলের পাঁয়তারা করেন। তারাই বুধবার রাতে একসঙ্গে ছোট-বড় ২৩টি মেহগনিগাছ কেটে ফেলেছেন। কাটার পর ওই সব গাছ তাদের বাড়িতে নিয়ে গেছেন।

তিনি বলেন, আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে এমন শত্রুতা কাম্য নয়।

তবে গাছ কেটে নেওয়া পরিবারগুলো জানায়, আমরা এতো দিন জানতাম জায়গাটি আমাদের পৈতৃক, সরকারি না। তাই গাছ কেটেছি। সরকারের জায়গার গাছ হলে আমাদের ভুল হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/আরএজে