কুমিল্লায় বখশিশের ১০০ টাকা ভাগাভাগি নিয়ে মো. মারুফ নামে পেট্রল পাম্পের কর্মচারীকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় গোলাম রাব্বি নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ মে) রাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। শুক্রবার বিকালে র্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার গোলাম রাব্বি সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে এবং নিহত মো. মারুফ একই উপজেলার ঘোষগাঁও গ্রামের মৃত হাফেজুর রহমানের ছেলে।
জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এসকে পেট্রল পাম্পের কর্মচারী মারুফ ও গোলাম রাব্বির মধ্যে বিভিন্ন যানবাহনের চালকের থেকে পাওয়া বখশিশের ১০০ টাকা ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাব্বি একপর্যায়ে মারুফকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় মারুফ মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য স্টাফরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে গোলাম রাব্বিকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন।
র্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে আসামি গোলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি জানিয়েছে, মারুফকে ছুরিকাঘাতের পর ঘটনাস্থল থেকে পালিয়ে তার বাড়িতে চলে যায় এবং ছুরিটি চালের ড্রামের নিচে লুকিয়ে রাখে। এরপর বাসে করে ফেনীতে গিয়ে এক হোটেলে আত্মগোপন করে। পরে সে চট্টগ্রামে চলে যায়। সেখানে রাব্বির খালাতো ভাই দেলোয়ার তাকে কুড়িগ্রামে বন্ধুর কাছে চলে যেতে বলে। চট্টগ্রাম থেকে বাসে কুড়িগ্রামে যাওয়ার পথে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
