টেক্টরের ফিফটির পর বালবির্নিকে ফেরালেন শরিফুল

আপডেট : ১২ মে ২০২৩, ২০:১৩

বৃষ্টি বাধা উপেক্ষা করে মাঠে গড়িয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ৪৫ ওভারে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়লেও হ্যারি টেক্টর ও বালবির্নির ব্যাটে ঘুড়ে দাঁড়ায় আয়ারল্যান্ড। এরপর বালবির্নিকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার শরিফুল। 

ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। ওভারের পঞ্চম বলে আইরিশ ওপেনার পল স্টার্লিংকে আউট করেন হাসান। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান স্টার্লিং। 

স্টার্লিংয়ের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। স্টিফেন ডোহেনিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বালবির্নি। তবে দলীয় ১৬ রানে ফের উইকেট হারায় আইরিশরা। ফের বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ। ২১ বলে ১২ রান করে আউট হন স্টিফেন ডোহেনি। 

এরপর হ্যারি টেক্টর ও অ্যান্ডি বালবির্নির ব্যাটে লড়াইয়ে ফেরে আয়ারল্যান্ড। সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরন করেন টেক্টর। তবে দলীয় ১১৪ রানে উইকেট হারায় আয়ারল্যান্ড। ৫৭ বলে ৪২ রান করা বালবির্নিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার শরিফুল। শেষ খবর পর্যন্ত ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।  

ইত্তেফাক/জেডএইচ