চাঁদপুরে সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১২ মে ২০২৩, ২০:০৬

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অনিম ও সাব্বির নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের গাছতলা এলাকার চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির চাঁদপুর চৌধুরীপাড়া এলাকার মালিক প্রধানের ছেলে ও অনিম আদর্শ মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকালে অনিম ও সাব্বির কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। সদর উপজেলার গাছতলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, দুই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এবি/পিও