ঈদের দিন ফাঁকা রাস্তায় আমার মেয়েকে নিয়ে শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর সড়কে হাঁটছিলাম। দুপাশ দেখে রাস্তা পার হওয়ার শুরুতেই চোখের পলকে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল আমাদের ক্রস করে চলে যায়। দূর থেকে মোটরসাইকেল এঁকেবেঁকে আসার কারণে অনেক সময়ই তা দেখা যায় না। কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা এবং সেটা আমাদের জীবনেই! ঈদের মধ্যেই একটি ছাগলকে বাঁচাতে গিয়ে একসঙ্গে পাঁচটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে গিয়েছে। নিহত হয়েছে একজন ও আহত হয়েছে প্রায় দশজন! রাস্তার সাধারণ মানুষগুলোও বেপরোয়া মোটরসাইকেলের জন্য অনিরাপত্তায় ভোগে। এইসব বেপরোয়া মোটরসাইকেল চালকদের আইনের আওতায় আনা জরুরি। গত কিছুদিনে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে সারা দেশে এই মোটরসাইকেল দুর্ঘটনায়। বেপরোয়া মোটরসাইকেল চালকেরা পথচারীদের জন্য বিপজ্জনক। সুতরাং বিষয়টি বিবেচনায় এনে দ্রুত বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে নিবেদন রইল।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর
