ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী-শেখ জামালের অলিখিত ফাইনাল আজ

আপডেট : ১৩ মে ২০২৩, ০৯:১২

চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএলে) এবার দেখতে যাচ্ছে এক অঘোষিত ফাইনাল ম্যাচ। এই ম্যাচে আজ মুখোমুখি হবে গেল আসরের চ্যাম্পিয়ন দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আবহনী লিমিটেড। দুই দলই এবারের আসরে ১৫ ম্যাচের ১৩টিতে জিতেছে এবং হেরেছে ২টি ম্যাচে।

পয়েন্ট তালিকায় দুই দলের ধারে কাছেও নেই কোনো দল। তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক। তারা ১৫ ম্যাচে ৯ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। তাই আজ সুপার লিগ পর্বের শেষ দিনের এই ম্যাচটি শেখ জামাল এবং আবহনীর দাঁড়িয়েছে শিরোপানির্ধারণী ম্যাচ হিসেবে।

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে এ ম্যাচ। এর আগে চলতি মৌসুমের প্রথম পর্বে আরো একবার মুখোমুখি হয়েছিল এ দুই দল। সেবার জয় পেয়েছিল শেখ জামাল ক্লাব। শক্তি সামর্থ্যে আবহনী এগিয়ে থাকলেও শেখ জামালের সঙ্গে তারা ম্যাচটি হেরে যায়।

আজ সুপার লিগের এ ম্যাচেও যদি জিতে যায় শেখ জামাল তাহলে ট্রফি যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দখলেই। আর আবাহনী যদি জেতে তাহলে যাবে আবাহনীর ঘরে। তবে হেড টু হেড শেখ জামাল এগিয়ে থাকলেও মৌসুমের রানরেট বিবেচনায় এগিয়ে রয়েছে আবাহনী। এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচে আবাহনীর রান রেট ১.২৬১ আর শেখ জামালের ০.৮০৭।

এদিকে গ্রুপ পর্বের যেই দল নিয়ে আবহনীকে হারিয়েছিল শেখ জামাল সুপার লিগে সেই দলে রয়েছে বেশ কিছু পরিবর্তন। দলের সঙ্গে নেই তাওহীদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত হোসেন কারণ তারা বর্তমানে জাতীয় দলের হয়ে খেলতে অবস্থান করছে ইংল্যান্ডে। আর আবাহনীকে জিতলে হলে সুযোগ খুঁজে নিতে হবে এখানেই।

ইত্তেফাক/এসএস