পাবনার ঈশ্বরদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো সাঁড়া গোপালপুর গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে জাহিদ মণ্ডল (১০), ওই এলাকার পাঞ্জুর ছেলে হৃদয় (১০) ও মাজদিয়া গ্রামের আকিজলের মেয়ে আনিকা (১২)।
জানা যায়, নিহত জাহিদ সকাল ১১টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয়। এ সময় বেড়াতে আসা ফুফাতো বোন আনিকা ও প্রতিবেশি হৃদয়ও তার সঙ্গে ছিল। খেলাধুলার পর দুপুরের দিকে তারা পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মালিহা ফাইরোজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিন শিশু মারা যায়।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
