ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার পুরোটা সময় জুড়ে শিক্ষার্থীদের সেবা দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা হলে তারা ছাত্রলীগের এমন কাজের ভূয়সী প্রশংসা করেন।
শনিবার (১৩ মে) ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মলচত্বর, কলাভবন, কার্জনসহ ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা হেল্প ডেস্ক নিয়ে বসে আছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেউবা মোবাইল কেউবা ঘড়ি জমা দিয়ে যাচ্ছেন। পরীক্ষার হল চিনতে অসুবিধা হলে শিক্ষার্থীদের পরীক্ষার হল পর্যন্ত ও পৌঁছে দিয়ে আসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের সেবা দিয়েছে ছাত্রলীগ। অভিভাবকদের বসার জন্য চেয়ার ও খাবার পানির ব্যবস্থা করেছে ছাত্রলীগ। ঢাবি ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক স্বয়ং অভিভাবকদের কাছে এই সেবা সমূহ পৌঁছে দিতে দেখা যায়।
ভর্তি পরীক্ষা শেষে ডেমরা থেকে আসা আহসানুল ইসলাম নামে এক শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি বলেন, আমি একাই পরীক্ষা দিতে এসেছি। আমার পরীক্ষার কেন্দ্র পড়েছে কলাভবনে। ভুল করে কার্জন হলে চলে যাই। পরে ওইখান থেকে ছাত্রলীগের এক ভাই বাইকে করে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দেয়।
ছাত্রলীগের সেবার বিষয়ে এক অভিভাবক বলেন, এখানে অনেক সংগঠন দেখতে পাচ্ছি। সবাই ভালো একটি উদ্দেশ্যে এখানে বসেছেন। ছাত্রলীগের কর্মীদের বেশি পরিমাণে দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পর্যন্ত অভিভাবকদের কাছে এসে পানি দিয়ে যাচ্ছেন। অভিভাবকদের সাথে সকলেই ভালো আচরণ করছেন। কোন সমস্যায় পড়লে মানুষদের সাহায্যের জন্য শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে আসছেন। তাদের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখেন।
ছাত্রলীগের সেবার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগ ভর্তি পরীক্ষা উপলক্ষে যে সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও আমাদের এমন কর্মসূচি অব্যাহত থাকবে। শুধু ছাত্রলীগ না অন্যান্য যে ছাত্রসংগঠন ভর্তি পরীক্ষার সেবামূলক কাজে এগিয়ে এসেছে তা প্রশংসার দাবি রাখে। ছাত্রলীগের এমন কাকর্যক্রমে কর্মীদের বিপুল পরিমাণ অংশগ্রহণ ছিল। কর্মীদের অংশগ্রহণের ফলেই এই উদ্যোগ সফল হয়েছে। অভিভাবকদের থেকেও আমরা ইতিবাচক মন্তব্য পেয়েছি।
গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের মাধ্যমে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর সামাজিক বিজ্ঞান, আইন ও কলা, বিজ্ঞান এবং সর্বশেষ আজ শনিবার ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষা চলার সময় ছাত্রলীগ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সেবা দিতে ১১টি কর্মসূচি হাতে নিয়েছে।
ঢাবির ভর্তি পরীক্ষায় ছাত্রলীগের গৃহীত কর্মসূচিগুলো ছিল—শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ; পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত তথ্য জানানোর জন্য দিকনির্দেশামূলক চিহ্ন ব্যবহার; কলম, ফাইলসহ শিক্ষা উপকরণ বিতরণ; ভর্তিচ্ছুদের দ্রুত কেন্দ্রে পৌঁছাতে জয় বাংলা বাইক সার্ভিস; বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা; প্রাথমিক চিকিৎসা কেন্দ্র; প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ; পরীক্ষা কেন্দ্রে নেওয়ার অনুপযোগী শিক্ষার্থীদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র রাখার ব্যবস্থা; শিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের সুবিধার্থে অভিভাবক ছাউনির ব্যবস্থা; মোবাইল টয়লেট ব্যবস্থা এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতে প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগের মাধ্যমে পরীক্ষার পূর্ব রাতে থাকার ব্যবস্থা করা।

ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতিমুক্ত রাখতে ছাত্রলীগের আহ্বান
জারুল, সোনালু, রাধাচূড়ায় মাতোয়ারা ঢাবি ক্যাম্পাস