চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচার নিয়ে আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল। দর্শকের চাহিদা কম থাকতে পারে সেই আশঙ্কা থেকে সম্প্রচার নিয়ে আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল। তবে প্রথম দুই ওয়ানডেতেই দেখা গেছে এই সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ কেমন। এবার তৃতীয় ওয়ানডে ম্যাচের একদিন আগেই বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হোম ভেন্যু। চেমসফোর্ডের এই মাঠে দর্শক ধারণক্ষমতা মাত্র সাড়ে ছয় হাজার। শনিবার (১৩ মে) ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ মে) স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচের দিন স্টেডিয়ামের গেটে টিকিট কেনার সুযোগ নেই।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
