ঘূর্ণিঝড় ‘মোখা’ 

খুলনায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, আতঙ্কে এলাকাবাসী

আপডেট : ১৩ মে ২০২৩, ১৯:৫৫

ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে খুলনার পাইকগাছায় ঝুঁকিপূর্ণ ওয়াপদার বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে অধিক ঝুঁকিপূর্ণ বাঁধ দ্রুত মেরামতের নির্দেশনা দিয়েছেন স্থানীয় প্রশাসন। নির্দেশনা অনুযায়ী বাঁধ মেরামত নিয়ে ব্যস্ত সময় পার করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। 

জানা যায়, উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধে ঘূর্ণিঝড়কালীন সময়ে সৃষ্ট জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে এমন আশঙ্কায় এলাকার মানুষ অনেকটাই আতঙ্কে রয়েছেন। ইতিপূর্বে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে খুদখালী এলাকার বাঁধ ভেঙে যায়। ফলে ঘূর্ণিঝড় মোখা যত এগিয়ে আসছে এলাকার মানুষের মধ্যে ততবেশি আতঙ্ক ছড়িয়ে পড়ছে।  

স্থানীয় বাবুল শেখ বলেন, প্রতিটা মুহূর্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছি।

গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু বলেন, দুর্যোগ আঘাত হানলে ক্ষতিগ্রস্থ বাঁধটি ভেঙ্গে পাইকগাছার গড়ইখালী ও চাঁদখালী এবং কয়রার আমাদী ও মহেশ্বরীপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
 

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আরাফাত হোসেন বলেন, প্রাথমিক কাজ শুরু করেছি, মূল কাজ শুরু করতে একটু দেরি হবে। তবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখলে দ্রুত বস্তা ডাম্পিং করে বাঁধ রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, ইতিমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে সেগুলো মেরামতের কাজ শুরু করেছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে মেরামত করা সম্ভব হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, প্রস্তুতি সভা করে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছি। সংশ্লিষ্টরা মেরামত কাজ শুরু করেছেন।

 

ইত্তেফাক/এবি