নারী বিক্ষোভকারীকে ঘাড়ধাক্কা, ব্রিটিশ প্রতিমন্ত্রী বরখাস্ত

আপডেট : ২২ জুন ২০১৯, ২২:২১

পরিবেশবাদী এক নারী বিক্ষোভকারীকে ঘাড় ধাক্কা দেওয়ায় সাময়িকভাবে বরখাস্ত হলেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। লন্ডনের ল্যান্ডমার্ক ম্যানশন হাউসে বৃহস্পতিবার সন্ধ্যায় এ হেনস্তার ঘটনা ঘটে। আর এর ২৪ ঘন্টার মধ্যেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। খবর রয়টার্সের

ল্যান্ডমার্ক ম্যানশন হাউসে ওইদিন অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের বার্ষিক ভাষণ ও ভোজসভা ছিল। অর্থমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন পরিবেশবাদী নারীদের একটি দল সেখানে ঢুকে স্লোগান দিতে থাকে। এ সময় এক বিক্ষোভকারী সামনের দিকে এগিয়ে গেলে তাকে বাধা দেন মার্ক ফিল্ড। একপর্যায়ে তিনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র এক মুখপাত্র জানান, এ ঘটনায় মার্ক ফিল্ডকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, এ সংক্রান্ত ভাইরাল হওয়া ভিডিও প্রধানমন্ত্রী নিজে দেখেছেন  এবং এরপরই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মার্ক ফিল্ডের তীব্র সমালোচনা করা হয়। অনেকে এর বিচারও দাবি করেন। বেশ কয়েকজন আইনপ্রণেতা এই ভিডিও দেখে একে প্রতিমন্ত্রীর ‘জঘন্য আচরণ’ বলে মন্তব্য করেন।

এদিকে ওইদিন রাতে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাত্তারে মার্ক ফিল্ড বলেন, তিনি ভেবেছিলেন ওই নারীর কাছে অস্ত্র থাকতে পারে। তাই তিনি তাকে আটকে দেওয়ার চেষ্টা করেন। তবে গায়ে হাত দেওয়ার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনা তদন্ত করে দেখছেন। মার্ক ফিল্ড নিজেও বিষয়টি তদন্তে কনজারভেটিভ দল ও কেবিনেট অফিসের কাছে সুপারিশ করেছেন।