এসএসসি পরীক্ষা বন্ধ থাকবে আজ ও কাল

আজ চার বোর্ডের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

আপডেট : ১৪ মে ২০২৩, ০৩:১৮

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ এর কারণে চার শিক্ষা বোর্ডের আওতাধীন সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আজ রবিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ এর কারণে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাসমূহের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আজ বন্ধ থাকবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ  জারি করা হয়। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সংশ্লিষ্ট এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোও রবিবার বন্ধ থাকবে।

এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় এর কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আজ রবিবার ও কাল সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়। অন্য বোর্ডসমূহের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

 

ইত্তেফাক/ইআ